সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে দলীয় নেতা লাঞ্ছিত
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে কর্মী সম্মেলনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুরের পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা প্রধান অতিথি আসাদুল হাবিবের কাছে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেন। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে মেয়র আমজাদ হোসেন ও তাঁর সমর্থকেরা কার্যালয়ে আসেন। মেয়র এ সময় আসাদুল হাবিবকে গালিগালাজ করেন। সম্মেলনে উপস্থিত জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান মেয়রকে থামাতে গেলে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে ঘুষি মারেন মেয়র। মেয়রের সমর্থকেরা কার্যালয়ের চেয়ার ভাঙচুর করেন।
এ সম্পর্কে ওবায়দুর রহমান বলেন, ‘দুলু ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করার সময় আমি বাধা দিতে গেলে বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ ভাই আমাকে কিল-ঘুষি মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দপুরে আলোচনার ঝড় বইছে।’
এ অভিযোগ সম্পর্কে জানতে মেয়র আমজাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকার বলেন, ‘ওই ঘটনা দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন। কেন্দ্রীয় কমিটির নেতার সামনে ওই ঘটনা ঘটেছে। তিনি (আসাদুল হাবিব) এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সামনে দলীয় সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’