সৈয়দপুরে ভুয়া ডেপুটি জেলার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ডেপুটি জেলার পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ভুয়া ডেপুটি জেলার নিজেকে এস এম জাহাঙ্গীর আলম (৩৮) নামে পরিচয় দেন। গত শনিবার রংপুর নগরের একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইটভাটার মালিক মোস্তফা ফিরোজের এমবি ব্রিকস নামের প্রতিষ্ঠানে যান ওই ব্যক্তি। তিনি নিজেকে জেলা কারাগারের ডেপুটি জেলার পরিচয় দিয়ে ২ লাখ ২০ হাজার টাকার ২৫ হাজার ইট কেনার রফা করেন এবং টাকা তাঁর সৈয়দপুর শহরের কদমতলীর বাসায় পরিশোধ করবেন বলে ভাটার মালিককে জানান। এ সময় তিনি সমস্যার কথা বলে ভাটার মালিকের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা গ্রহণ করেন। বকেয়া ওই টাকা নেওয়ার জন্য ভাটার মালিক তাঁর ব্যক্তিগত গাড়িসহ চালককে সঙ্গে নেন। চালক গাড়ি নিয়ে বাজারে ঢুকলে ওই ব্যক্তি গাড়ি থামিয়ে কাপড় কেনার কথা বলে নেমে যান। কিন্তু দীর্ঘ সময় পরও তিনি ফিরে না আসায় বিষয়টি ভাটার মালিক সৈয়দপুর থানাকে জানান। পুলিশ মুঠোফোন ট্র্যাকিং করে ওই ব্যক্তির অবস্থান নির্ণয় করেন। এরপর পুলিশ ভাটার মালিককে সঙ্গে নিয়ে রংপুরের ধাপ এলাকায় মুরাদ কমপ্লেক্সের নর্দান স্টার আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, প্রতারক জাহাঙ্গীর ভুয়া ডেপুটি জেলার। তাঁর আসল নাম বাবুল হোসেন। তাঁর বাড়ি জয়পুরহাটের খঞ্জনপুর গ্রামে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।