সৈয়দপুরে ভুয়া সেনা কর্মকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর থেকে পুলিশ গতকাল বুধবার সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দানকারী এ কে এম হাসান ইমান নামের এক প্রতারককে আটক করেছে। সৈয়দপুর শহরের সৈয়দপুর প্লাজা শপিং কমপ্লেক্স থেকে তাঁকে আটক করা হয়।
শহরের নয়াবাজার মহল্লার বাসিন্দা ব্যবসায়ী সিরাজুল ইসলামকে গুম করে ফেলার হুমকি দিয়ে টাকা দাবি করে আসছিলেন মেজর পরিচয় দানকারী হাসান। ব্যবসায়ী গত রোববার বিষয়টি থানায় অবহিত করেন।
ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ১৫ দিন ধরে র্যা বের মেজর হিসেবে পরিচয় দিয়ে হাসান নামের ওই ব্যক্তি তাঁর সম্পর্কে নানাভাবে খোঁজখবর নিচ্ছিলেন। একপর্যায়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা উৎকোচ দাবি করেন লোকটি। তিনি দিতে অস্বীকার করলে হাসান তাঁকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেন। এতে ভীতসন্ত্রস্ত ব্যবসায়ী গত রোববার সৈয়দপুর থানায় ঘটনা জানান।
থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘মেজর পরিচয়দানকারী ওই ব্যক্তি এর আগে কয়েকবার থানায়ও এসেছিলেন। সেনা কর্মকর্তা জেনে আমি তাঁকে অ্যাপায়নও করি। তবে অসংলগ্ন আচরণের কারণে ওই ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।’
প্রতারক হাসানের বাড়ি নীলফামারী সদরের চঢ়াইখেলো ইউনিয়নের কাঞ্চনপাড়ায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ এএসপি এ এন এম সাজেদুর রহমান জানিয়েছেন।