সৈয়দপুরে মন্দির ভেঙেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের বাইপাস সড়ক-সংলগ্ন কয়া মিস্ত্রিপাড়া এলাকায় গত বুধবার রাতে নবনির্মিত শিবমন্দির ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র রায় বলেন, ‘কয়া মিস্ত্রিপাড়া এলাকায় প্রায় পৌনে তিন একর দেবোত্তর সম্পত্তি রয়েছে। শ্রীশ্রী শিব ঠাকুরের নামে ওই সম্পত্তিতে মন্দির গড়ে তোলা হচ্ছিল। কিন্তু এলাকার প্রভাবশালী ব্যবসায়ী ইফতেখার আহমেদ ও তাঁর লোকজন ওই জমিতে কয়েক দিন ধরে মাটি ভরাট শুরু করেন। আমরা সেখানে মাটি ভরাটে বাধা দিই। আমাদের ধারণা, ইফতেখার আহমেদের লোকজন ওই মন্দির ভেঙেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে। আমরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনে উদ্যোগ নিচ্ছি।’
পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের উপাসনার জন্য কয়া মিস্ত্রিপাড়া এলাকায় একটি শিবমন্দির স্থাপন করা হচ্ছিল। হঠাৎ কে বা কারা রাতের আঁধারে মন্দিরটি ভাঙচুর করে। এ নিয়ে আমরা প্রশাসনকে অভিযোগ করেছি।’
এ ব্যাপারে আহমেদ উড প্রোডাক্ট লিমিটেডের পরিচালক ইফতেখার আহমেদ গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে, ‘আমি বিদেশ যাচ্ছি। আর জমিটি আমি কিনে নিয়েছি। ফলে এ নিয়ে কোনো বিরোধ থাকতে পারে না।’ তাঁর লোকজন (ইফতেখার) মন্দির ভেঙেছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মন্দির ভাঙার প্রশ্নই ওঠে না।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জমিটি দেবোত্তর। তবে ওই জমি নিয়ে বিরোধ রয়েছে বলে জানান তিনি।