সৈয়দপুরে শিক্ষক, খানসামায় যুবকের লাশ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল শুক্রবার আবুল কালাম আজাদ (৫৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন দিনাজপুরের খানসামায় মো. নূরুদ্দিন ওরফে রবি (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবুল কালাম আজাদ সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ও বালাডাঙ্গা ঈদগাহ ময়দান দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। আর মো. নূরুদ্দিন খানসামার আঙ্গারপাড়া ইউনিয়নের সিট আলোকডিহি গ্রামের রজব আলীর ছেলে।
মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদের ছেলে সুজন (১৪) ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ গত বৃহস্পতিবার দুপুরে জমির ফসল দেখতে খেতে যান। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। খোঁজাখুঁজি করে কোথায়ও তাঁকে পাওয়া যায়নি। গতকাল ভোরে বোতলাগাড়ী ইউনিয়নের বাগডোকরা নদীতে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল হেলাল চৌধুরী বলেন, আবুল কালাম আজাদ নিরীহ-প্রকৃতির লোক ছিলেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এদিকে মো. নূরুদ্দিনের বাবা রজব আলী বলেন, নূরুদ্দিন গত সোমবার সকালে বাড়ির পাশে বুড়িরহাট এলাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তিনি ওই দিন বাড়িতে না ফেরায় মঙ্গল ও বুধবার আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করা হয়। কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
খানসামা থানার উপপরিদর্শক (এসআই) সুমন রায় বলেন, গতকাল সকাল আটটার দিকে বাড়ির পাশে পুকুরে গ্রামবাসী নূরুদ্দিনের লাশ দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের মো. হাবিবুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।