সৈয়দপুরে 'মৃত' নারীকে ফেনীতে 'জীবিত' উদ্ধার
অপহরণ করে লাশ গুমের এই অভিযোগে রীনা আক্তার (২০) নামের এক নারীর স্বামীসহ তাঁর শ্বশুরের পরিবারের চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন ওই নারীর বাবা। কিন্তু গত রোববার নীলফামারীর সৈয়দপুরের সেই রীনা আক্তারকেই ফেনী শহর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে রীনা আরেক ব্যক্তিকে বিয়ে করার দিবি৵ দিয়েছিলেন।
পুলিশ জানায়, সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় নতুনহাটের কোরবান আলী তাঁর মেয়ে রীনাকে অপহরণ ও খুন করে লাশ গুমের অভিযোগে গত ২০ আগস্ট জামাতা উপজেলার চওড়া বাজার এলাকার ফারুক হোসেনের (২৫) বিরুদ্ধে থানায় মামলা করেন। এতে ফারুকের বড় ভাই, ভাবি ও মাকে (৫০) আসামি করা হয়।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মামলাটি গুরুত্বসহকারে নেওয়া হয়। পরে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে রীনার অবস্থান নিশ্চিত হয় পুলিশ।
থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘গত রোববার ফেনী থানার সহযোগিতায় শহরের একটি রিকশা গ্যারেজ থেকে রীনাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে আমরা রীনাকে ফেনী থেকে সৈয়দপুরে নিয়ে আসি।’
উদ্ধার হওয়া রীনা বলেন, তিনি নীলফামারী সদর উপজেলার ইপিজেড মোড়ের বাসিন্দা আহসান রাব্বীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ফেনীতে গিয়ে রাব্বীকে বিয়ে করেন। এর আগে প্রথম স্বামী ফারুককে তালাকনামা পাঠিয়েছেন তিনি।