সৈয়দপুরের নিখোঁজ নারী তারাগঞ্জে উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে নিখোঁজ এক নারীকে গতকাল মঙ্গলবার রংপুরের তারাগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে (৪১) আটক করা হয়েছে।

সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, গত রোববার সৈয়দপুর থেকে ওই নারী (২২) নিখোঁজ হন। অভিভাবকেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে গত সোমবার থানায় একটি জিডি করেন। পরে সৈয়দপুর থানার পুলিশ দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠান। খবর পেয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞার নেতৃত্বে একদল পুলিশ তারাগঞ্জের শিয়ালডাঙ্গা গ্রামে গতকাল বিকেল সাড়ে চারটায় অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

ওই নারী তারাগঞ্জ থানার পুলিশ ও সাংবাদিকদের বলেন, গত রোববার ভোর সাড়ে পাঁচটায় তিনি নিজ বাড়ির সামনে একাই দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই (আটক) ব্যক্তিসহ আরেক ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁকে তুলে নিয়ে তারাগঞ্জে তাঁর (আটক ব্যক্তি) বাড়িতে নিয়ে যান। এরপর রাতে ওই ব্যক্তি একাধিকবার তাঁকে ধর্ষণ করেন।

আটক ব্যক্তি বলেন, ‘অয় মোক বিয়াও করবে বলে নিজ ইচ্ছায় মোর সাথে আলচে। এলা মোক ফাসপার জন্যে মিথ্যা কথা কওচে।’