সোনা আত্মসাতের মামলায় পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় আটক সোনা আত্মসাতের মামলায় পুলিশের তিন সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আজ বুধবার কমিশন এ অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। 

যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী ও ওয়াহিদুল ইসলাম, পুলিশের গাড়ির চালক সজীব আহমেদ এবং তথ্যদাতা (সোর্স) মাহফুজ আলম রনি।
জানা গেছে, রামপুরা থানার পুলিশ গত বছরের ১৩ মার্চ বনশ্রী থেকে একটি গাড়ি আটক করে। ১৬ মার্চ মাহিন ও সমীর নামের দুজন ওই গাড়ি ছাড়াতে থানায় গেলে পুলিশ তাঁদের আটক করে। পরে রামপুরা থানার পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁদের দিয়ে ওই গাড়ি থেকে ৭০টি সোনার বার উদ্ধার করেন। তবে ওই দুজন দাবি করেন, গাড়িতে ২৩৫টি সোনার বার ছিল। সোনা আত্মসাতের অভিযোগ ওঠায় রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালাকে প্রত্যাহার করা হয়।
সোনা আত্মসাতের ঘটনায় ৩১ মার্চ রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, দুই কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগের রাতে তাঁদের তথ্যের ভিত্তিতে বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তাঁদের ও তাঁদের স্বজনদের বাড়ি থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়। পরে সোনা আত্মসাতের ঘটনায় পুলিশের ওই তিন সদস্য, পুলিশের গাড়ির চালক সজীব আহমেদ ও তথ্যদাতা (সোর্স) মাহফুজ আলম রনির বিরুদ্ধে ৭ এপ্রিল রামপুরা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলা দায়েরের পর থেকে দুদকের সে সময়কার উপপরিচালক যতন কুমার রায় মামলাটির তদন্ত করেন। তিনি অবসরে যাওয়ার পর উপপরিচালক মির্জা জাহিদুল আলম তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন। তারই পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দেয়।