সোনা চোরাচালানের অভিযোগে বিমানের কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টেকনিশিয়ান আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সহকারী কমিশনার (এসি) মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চোরাচালান দল এ গ্রেপ্তার অভিযান চালায়।

গত ২৩ ডিসেম্বর ১৬ কেজি সোনা পাচারের অভিযোগে ওসমান হারুন, আনোয়ার পারভেজ, আনোয়ারা বেগম ও নাহিদা ফারজানা নামে বাংলাদেশ বিমানের চার যাত্রীকে গ্রেপ্তার করেছিলেন শুল্ক গোয়েন্দারা। সেদিন বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি কুয়েত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। চট্টগ্রাম থেকে ওই বিমানে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে উঠেছিলেন আনোয়ারা ও ফারজানা। ওই দিন শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাঁদের আটক করা হয়। কোমরে বেল্টের ভেতর তাঁরা ১২৫টি সোনার বার লুকিয়ে রেখেছিলেন। প্রতিটি সোনার বারের ওজন ছিল ১১৬ গ্রাম। আনোয়ারা বেগম ও ফারজানার কাছ থেকে তথ্য নিয়ে পরে বিমানবন্দরের কাস্টম হলো থেকে আনোয়ার ও ওসমানকে আটক করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবির চোরাচালান দল।

ডিবির এসি মঞ্জুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, তদন্তে বিমানের টেকনিশিয়ান আবদুস সাত্তারের ১৬ কেজি সোনার পাচারের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সাত্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে।