সোনা পাচার মামলায় বিমানকর্মী গ্রেপ্তার
শাহজালাল বিমানবন্দরে গত ১৪ জানুয়ারি ১৪ কেজি সোনা আটক করা মামলার পলাতক আসামি এমরানুল ইসলামকে আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা। বিকেল পাঁচটার দিকে তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বিমানের প্রকৌশল শাখার মেকানিক ছিলেন এমরানুল ইসলাম। আজ বিমানবন্দরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাঁকে মগবাজারের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
গত ১৪ জানুয়ারি যৌথ অভিযানে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজের কার্গোহোল থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও ঢাকা কাস্টমস হাউস। উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে দুপুর ১২টায় ঢাকায় আসে। চার ঘণ্টা অভিযান চালিয়ে কার্গোহোলে কালো কাপড়ের ভেতর থেকে এই সোনা উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দাদের ধারণা, বিমানের কর্মীদের সহায়তা ছাড়া এসব সোনা উড়োজাহাজের কার্গোহোলের ভেতরে রাখা সম্ভব নয়। উড়োজাহাজটি যখন ঢাকায় অবতরণ করে, সে সময় বিমানবন্দরে ‘বি’ শিফটের কাজ চলছিল। বিমানটি হ্যাঙ্গারে নিয়ে সোনার চালান বিমানবন্দরের বাইরে পাচার করা হতো বলে ধারণা গোয়েন্দাদের। শুল্ক কর্তৃপক্ষের অভিযানের বিষয়টি টের পেয়ে এমরানুল ও ওসমান গনি দুজনই গা ঢাকা দেন। জিজ্ঞাসাবাদের জন্য বিমানের ‘বি’ সিফটের সব কর্মকর্তাকে হাজির করা হলেও এই দুজনকে খুঁজে পাওয়া যায়নি।
ওই দিন গভীর রাত পর্যন্ত শাহজালাল বিমানবন্দর ঘেরাও করে এমরানুল ও ওসমানকে আটক করতে অভিযান চালানো হলেও দুমাস ধরে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, বিমানবন্দরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন এমরানুল ইসলাম। তবে এমরানকে গ্রেপ্তার করা হলেও ওসমান গনিকে ধরা যায়নি।
মইনুল খান আরও বলেন, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের রাঙা প্রভাত উড়োজাহাজের ভেতর থেকে ৬২ কেজি সোনা পাচারের ঘটনায়ও এমরান সন্দেহভাজন আসামি। তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
১৪ কেজি সোনা পাচারেও জড়িত বিমানকর্মীরা!