‘ধর্মপিতার’ ছত্রচ্ছায়ায় ছয় বছরে বিমানে একচ্ছত্র দাপট প্রতিষ্ঠা করেছেন মাহমুদুল হক ওরফে পলাশ। শুধু সোনা পাচারে বিমানকর্মীদের যুক্ত করানো নয়, প্রতিষ্ঠানটির নিয়োগ-বদলির ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখতেন। বিশেষ করে কেবিন ক্রু পদে কারা নিয়োগ পাবেন, তা তিনি ঠিক করতেন। জিজ্ঞাসাবাদে পলাশ এমন তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের ‘ধর্মপুত্র’—এই পরিচয়ই পলাশের মূল শক্তি। অবশ্য পলাশের স্ত্রী বিমানের কেবিন ক্রু হিসেবে চাকরি করেন। ‘ধর্মপিতা’ হিসেবে বিমানের চেয়ারম্যানও সোনা চোরাচালানের নেপথ্যে রয়েছেন বলে সংসদে কথা উঠেছে। গতকালের অধিবেশনে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, কথিত ধর্মপুত্র পলাশের দাপটে গোটা বিমানবন্দর তটস্থ থাকে।
বিমানের শিডিউল থেকে শুরু করে সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন।
পুলিশ সূত্র জানায়, গত ছয় বছরে পলাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালানের অন্যতম প্রধান নিয়ন্ত্রকে পরিণত হন। শুধু বিমানকর্মী নয়, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার অসাধু কর্মীদের এই চক্রে জড়িয়েছেন তিনি।
জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রিমান্ডের প্রথম দিনে পলাশসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে সোনা পাচারে জড়িত হিসেবে বিমানের আরও ৬৪ কর্মীর নাম পাওয়া গেছে। এঁদের মধ্যে পাঁচজন পাইলট, চারজন কো-পাইলট, ২৫ জন কেবিন ক্রু, ১৫ জন ফ্লাইট স্টুয়ার্ট, সাতজন জুনিয়র পার্সার, তিনজন ফ্লাইট পার্সার ও পাঁচজন চিফ পার্সার রয়েছেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) নিরাপত্তাকর্মীসহ নিম্নপদস্থ কিছু কর্মীর নাম পাওয়া গেছে, যাঁরা সোনা পাচারকারী চক্রের সহায়তাকারী।
বিমানের কথিত ধর্মপুত্র পলাশ ছাড়া রিমান্ডে থাকা অন্যরা হলেন বিমানের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, ফ্লাইট সার্ভিস শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেন ও ব্যবস্থাপক (শিডিউলিং) তোজাম্মেল হোসেন এবং মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুন অর রশিদ। এঁদের গত মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। পরদিন আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এঁদের পেছনে আর কোন কোন প্রভাবশালী আছে, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ডিবির অপর একটি সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পলাশ জানায়, তিনি সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পাস করে হজরত শাহজালাল বিমানবন্দরে অবস্থিত বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে উড্ডয়ন শিখেন। এরপর তিনি ফ্লাইং একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য হয়ে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত হন। তিনি ফ্লাইং একাডেমির ফটক দিয়ে চোরাচালানের ছোটখাটো চালান পাচার করতেন। তখন ওই ফটকে স্ক্যানিং মেশিন ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে ফ্লাইং একাডেমির একজন কর্মকর্তা জানান, তখন তত্ত্বাবধায়ক সরকারের আমল ছিল। পরিচালনা পর্ষদের একটি সদস্য পদ শূন্য হলে পলাশ অ্যাডহক ভিত্তিতে সদস্য হন। এরপর তিনি পাইলট লাইসেন্সের জন্য বেসামরিক বিমান পরিবহন (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে, পলাশের এইচএসসি সনদ জাল। এরপর তিনি ফ্লাইং একাডেমির পর্ষদ থেকে বাদ পড়েন।
ডিবি সূত্র জানায়, ২০০৯ সালে জামালউদ্দিন আহমেদ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হওয়ার পর পলাশের ভাগ্য খুলে যায়। জামালউদ্দিন নিয়োগ পাওয়ার দুই মাসের মাথায় একই জেলার বাসিন্দা হওয়ার সুবাদে তাঁর সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন পলাশ। এরপর ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে। জামালউদ্দিনের ছেলে জোবায়েরের সঙ্গে বন্ধুত্বের সূত্রে একপর্যায়ে তাঁর ‘ধর্মপুত্র’ হন বলে জিজ্ঞাসাবাদে দাবি করেন পলাশ।
ডিবি সূত্র জানায়, শুধু চোরাচালানই নয়, পলাশ বিমানের বিভিন্ন কাজে কমিশন-বাণিজ্যেও যুক্ত হন। বিমানের হজ ফ্লাইট পরিচালনার জন্য নাইজেরিয়ার কাবো এয়ার থেকে উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্রেও পলাশ ছিলেন নেপথ্যের প্রধান ব্যক্তি। তাঁর মাধ্যমে অন্যরা ‘কমিশন-বাণিজ্যের’ ভাগ পান।
পলাশের পাশাপাশি বিমানে আরেকজন প্রভাবশালী ব্যক্তি হলেন বৈমানিক নজরুল শামীম। তিনিও বিমানের চেয়ারম্যানের ঘনিষ্ঠ। তাঁর ওপর গোয়েন্দা নজরদারি চলছে। বিষয়টি আঁচ করতে পেরে নজরুল শামীম কানাডায় চলে গেছেন বলে বিমানের একটি সূত্র জানিয়েছে।
বিমানের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেয়ারম্যান জামালউদ্দিনের ‘ধর্মপুত্র’ হিসেবে ব্যাপকভাবে পরিচিত পলাশকে বিমানের কর্মীরা সমীহ করে চলতেন। জামালউদ্দিন চেয়ারম্যান হওয়ার পর অস্থায়ীভাবে শতাধিক কেবিন ক্রু নিয়োগ দেওয়া হয়। আর এসব অস্থায়ী কেবিন ক্রুর অনেককে পলাশ সোনা পাচারে যুক্ত করেছেন।
ধর্মপুত্রের বিষয়ে বিমানের কোনো কর্মকর্তা কিছু বলতে রাজি হননি। জামালউদ্দিনও গতকাল কারও ফোন ধরেননি।
বিমানের পদস্থ তিনজন কর্মকর্তা এমন গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেও তাঁদের ব্যাপারে গতকাল পর্যন্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, পুলিশের তদন্ত শেষ হলেই তাঁরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
বিমানের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের এভাবে সোনা পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, এতে শুধু জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি নয়, দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানান।