সোনা পাচারের অভিযোগে বিমানের দুই কর্মচারী আটক
সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের দুই অস্থায়ী কর্মচারীকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৪০টি সোনার বার জব্দ করা হয়েছে। এর দাম প্রায় দুই কোটি টাকা।
আটক হওয়া ব্যক্তিরা হলেন বেলাল উদ্দিন ও শেখ কামাল। তাঁরা বাংলাদেশ বিমানের অস্থায়ী কর্মচারী (ট্রাফিক হেলপার) হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, আজ সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে এয়ার অ্যারাবিয়া ও ফ্লাই দুবাই নামের দুটি বিমান সংস্থার দুটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে ওই দুই কর্মচারী সন্দেহজনক আচরণ করছিলেন। পরে তাঁদের কাছে থাকা সিগারেটের দুটি কার্টন তল্লাশি করে সোনার ৪০টি বার জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। কোন উড়োজাহাজে করে কারা এসব সোনার বার এনেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অভিবাসন) তারেক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ বিমানের দুই কর্মচারীর কাছ থেকে প্রায় সাড়ে চার কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে।’
বিমানবন্দরে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার সেলিনা আকতার প্রথম আলোকে বলেন, ‘আটক হওয়া ব্যক্তিরা অস্থায়ী কর্মচারী হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন। পুলিশের প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’