সোনাইমুড়ীতে মাটি খুঁড়ে স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের ১৯ দিন পর গতকাল শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের জগজীবনপুর গ্রাম থেকে স্কুলছাত্র ইব্রাহিম খলিলের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।
ইব্রাহিম খলিলের বাড়ি জগজীবনপুর গ্রামে। সে কালিকাপুর জাকারিয়া মেমোরিয়াল কেজি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল ইব্রাহিম খলিল স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় তার বাবা আবদুল কাদের ২৮ এপ্রিল সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৩ মে আবদুল কাদের পুলিশকে জানান, এক ব্যক্তি মুঠোফোনে তাঁর
কাছে প্রথমে ছয় লাখ ও পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণ না দিলে তাঁর ছেলেকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মুঠোফোনের কলতালিকার সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর চকবাজার এলাকা থেকে মো. সাকিব (১৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি উপজেলা মটুবি গ্রামে। গতকাল শুক্রবার ভোরে সাকিবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সাকিব নিজেকে নির্দোষ দাবি করে বলে, এ ঘটনার সঙ্গে মো. ওছমান (২২) নামের এক ব্যক্তি জড়িত। তার বাড়ি জগজীবনপুর গ্রামে।
পুলিশ জানায়, পরে উপজেলার জগজীবনপুর গ্রামে অভিযান চালিয়ে ওছমানকে আটক করা হয়। থানায় সাকিব ও ওছমানকে মুখোমুখি করা হলে তারা প্রথমে একে অপরকে দোষারোপ করে। একপর্যায়ে তারা ইব্রাহিমকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে জগজীবনপুর গ্রামে একটি মুরগির খামারসংলগ্ন নলকূপের পাশে মাটি খুঁড়ে ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মাটি খুঁড়ে ইব্রাহিমের লাশ উদ্ধারের সময় তার বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ জানায়, ইব্রাহিমের লাশ সোনাইমুড়ী থানায় রাখা হয়েছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তিনি জানান, অপহরণের কয়েক দিন পর ইব্রাহিমকে হত্যা করে লাশটি পুঁতে রাখা হয় বলে আটক দুই ব্যক্তি স্বীকার করেছে। ওসি জানান, আটক দুই ব্যক্তি বখাটে ও ভবঘুরে প্রকৃতির। এ ঘটনায় তাদের সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।