সোনাইমুড়ীতে মাজারের খাদেমকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাজারের খাদেমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের আফজাল শাহয়ের মাজারের ভেতরে এই ঘটনা ঘটে। নিহত খাদেমের নাম সোনা মিয়া (৬৮)। তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়। এটি জঙ্গি হামলা কি না, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. ইলিয়াছ (২১) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বাড়ি হাটগাঁওয়ের পাশের গ্রাম বড়গাঁওয়ে।

নদনা ইউনিয়ন পরিষদের দফাদার আতিক উল্লা গতকাল রাত সাড়ে নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সোনা মিয়া নামের ওই ব্যক্তি বছরখানেক আগে মাজারে খাদেম হিসেবে যোগ দেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, গতকাল সন্ধ্যায় মাজারে মোমবাতি জ্বালাতে যান খাদেম। এ সময় পেছন থেকে দুই যুবক তাঁকে জাপটে ধরেন। পরে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ঘটনার পর মাজারের আশপাশের লোকজন ধাওয়া করে এক যুবককে ধরে ফেলেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে আশপাশের গ্রামের মানুষ মাজারে ভিড় করেন। রাত ১০টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

পুলিশ সুপার ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইলিয়াছ বলেছেন, তাঁর সঙ্গে সুজন নামে আরেকজন ছিল। ইলিয়াছের বাড়ির পাশেই সুজনের বাড়ি। সুজন পেশায় রংমিস্ত্রি। ইলিয়াছ একটি ফটোকপির দোকানে কাজ করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি জঙ্গি হামলা কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা।