সোনাইমুড়ীতে সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নির্মাণাধীন ইসলামগঞ্জ বাজার-বটতলী বাজার সড়ক। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নির্মাণাধীন ইসলামগঞ্জ বাজার-বটতলী বাজার সড়ক। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার-বটতলী বাজার সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে তা উপেক্ষা করে কাজ অব্যাহত রেখেছেন ঠিকাদার।

জানতে চাইলে সোনাইমুড়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, তিনি এলাকাবাসীর অভিযোগ পেয়ে গত রোববার সড়কটি পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিম্নমানের যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে, তা উঠিয়ে নিয়ে মানসম্মত উপকরণ দিয়ে কাজ করতে বলা হয়েছে। নির্দেশনা না মেনে আগের উপকরণ দিয়েই সংস্কারকাজ অব্যাহত আছে জানালে নির্বাহী প্রকৌশলী বলেন, ঠিকাদার নিজের খেয়ালখুশি মতো কাজ করলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডি সূত্রে জানা গেছে, বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার সড়কটি বেহাল। সম্প্রতি এটি সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৫৫ লাখ টাকা। কিন্তু সড়কটির সংস্কার শুরুর পর থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ আসতে থাকে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিকাদার পুরোনো কার্পেটিংয়ের নষ্ট হওয়া অংশকে অল্প একটু খুঁড়ে তা পুনরায় সংস্কারকাজে ব্যবহার করেন। তা ছাড়া ইটের খোয়া, নুড়ি পাথরসহ যেসব উপকরণ ইতিমধ্যে ব্যবহার করেছেন, তা-ও খুবই নিম্নমানের। এলাকায় প্রভাবশালী হওয়ায় ঠিকাদার মামুনুর রশিদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না।

তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মামুনুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, দরপত্রের নিয়ম মেনেই কাজ হচ্ছে। এমনকি নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার এসে নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পেয়েছেন, এমন অভিযোগও উড়িয়ে দেন তিনি। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা না করার কারণে তিনি এসব বলছেন দাবি করে ঠিকাদার মামুন বলেন, নির্বাহী প্রকৌশলীই আবার রোববার রাতে তাঁকে ফোন করে এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে বলেছেন।

তবে আবদুস সাত্তার বলেন, মামুনুর রশিদের বক্তব্য সঠিক নয়। তিনি ঠিকাদারকে মাসখানেক আগে ফোন করে এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে বলেছিলেন। সেই কাজ আজও শেষ করতে পারেননি ঠিকাদার।