সোনাগাজীতে অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ এলাকায় গত শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানায়, একদল সশস্ত্র ডাকাত উপজেলার মতিগঞ্জ ও কাশ্মীরবাজার সড়কসংলগ্ন চৌরাস্তা এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ খবরের ভিত্তিতে গত শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে ১০ জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, ৯টি কার্তুজ, ৩টি রামদা, ৩টি চাপাতি এবং ১টি করে গ্রিল কাটার মেশিন, ছোরা ও কিরিচ উদ্ধার করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি মুখোশ, হাফপ্যান্ট ও হাতমোজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোনাগাজীর চর চান্দিয়া এলাকার আবদুল কাদের (৪০), আবুল কাশেম ওরফে সিরাজ (৩৭) ও আজিজুল হক (৪০); পরশুরামের মালিপাথর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩০); ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের মো. সেলিম (৩৫), মধ্যম অলিপুর গ্রামের নুর মোহাম্মদ (২৭), মোটবীর সাতস্বতী গ্রামের আবু তালেব ওরফে মাস্টার (৩০); কুমিল্লার চান্দিনার মাইজখার এলাকার বাবুল বেপারী ((৩২); চট্টগ্রামের বোয়ালখালীর মো. খোকন (২৭) ও চাঁদপুরের হাইমচরের মো. ইকবাল (২৮)।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ১০ জন সদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।