সোনাগাজীতে আ.লীগ নেতার বাড়ি থেকে মাদক উদ্ধার, ছেলে গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে হেরোইন, ফেনসিডিলসহ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব। অভিযানে আওয়ামী লীগের নেতা রহমত উল্যাকে পাওয়া না গেলেও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, ফেনী ক্যাম্পের সদস্যরা গত শুক্রবার রাতে সোনাগাজীর চরচান্দিয়া গ্রামে রহমত উল্যার বাড়িতে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে রহমত উল্যা পালিয়ে যান। র্যাব সদস্যরা ঘর থেকে ৩১০ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় রহমত উল্যার ছেলে মো. শাহাদাত হোসেনকে (১৯) গ্রেপ্তার করে র্যাব।
রহমত উল্যা সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এ বিষয়ে জানতে চাইলে চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, রহমত উল্যার ঘর থেকে মাদক উদ্ধার ও তাঁর ছেলেকে গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন না। তবে রহমত উল্যা আগেও মাদকের মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানান তিনি।
মাদক উদ্ধারের ঘটনায় র্যাবের ওয়ারেন্ট অফিসার বশির উদ্দিন বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেছেন। শাহাদাত হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া শুক্রবার রাতে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে ২৬০টি ইয়াবা বড়িসহ মো. ফারুক নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনাগাজী ও ফেনীতে মাদকসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।