সোনাগাজীতে ইউপি সদস্যকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আহছান উল্যাকে (৪৭) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে বাদামতলী বাজারে এ ঘটনা ঘটে।
আহছান উল্যা আমিরাবাদ ইউনিয়ন পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আহছান উল্যা একটি সালিস থেকে উপজেলার সোনাপুর গ্রামের বাদামতলী বাজারে যান। বাজারে পৌঁছামাত্রই ৮-১০ জন সন্ত্রাসী অতর্কিতে হামলা চালিয়ে আহছান উল্যাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।