সোনাগাজীতে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর মধ্যম চর চান্দিয়ার হাজিপাড়ায় গত বুধবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। একই রাতে ওই এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে তিনজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোলায়মান (৩৮), মো. ইসমাইল (২৯) ও ডলার মিয়া (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে মধ্যম চর চান্দিয়া হাজিপাড়ার ব্যাংক কর্মকর্তা নুরুল আলমের বাড়িতে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এরপর ডাকাতেরা পাশের সফিউল্যাহ মিয়ার বাড়িতে লুটপাট চালায়। ডাকাতেরা পরে একই এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ডাকাতদের ঘেরাও করে তিনজনকে ধরে ফেলেন। পরে ওই তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ব্যাংক কর্মকর্তা নুরুল আলমের দাবি, ডাকাতেরা তাঁর ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।
সফিউল্যাহ দাবি করেন, ডাকাতেরা তাঁর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও ১২ হাজার টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।
সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, গ্রেপ্তার সোলায়মান ও ইসমাইলের বিরুদ্ধে থানায় ১৪-১৫টি করে মামলা আছে।