সোনাগাজীতে গৃহবধূ খুন, ১৩ দিন পর থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামে খায়রুন নাহার (২২) নামের এক গৃহবধূকে হত্যার ১৩ দিন পর থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে গৃহবধূর ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে গৃহবধূর স্বামী মাঈন উদ্দিন (৩০), শাশুড়ি অহিদের নেছা (৫৮), দেবর জসিম উদ্দিন (২৬), জা কাজল বেগম (৩৫), লাকি আক্তার (২৮), জীবন আরা বেগম (২৭) এবং স্বামীর বন্ধু দেলোয়ার হোসেনকে (২৮)। ঘটনার পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব তুলাতলী গ্রামের নূরনবীর মেয়ে খায়রুন নাহারের সঙ্গে ২০১৫ সালের ১ মে একই উপজেলার চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী গ্রামের মাঈন উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন খায়রুন নাহারের ওপর নির্যাতন চালাতেন।

মামলার বাদী বেলায়েত হোসেন বলেন, গত ২৪ জুলাই বিকেলে খায়রুন নাহারকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যান তাঁর শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে ওই দিন রাতে সোনাগাজী মডেল থানা-পুলিশ খায়রুন নাহারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠান।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে খায়রুন নাহারকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছে পুলিশ।