সোনাগাজীতে ছিনতাই হওয়া অটোরিকশা সীতাকুণ্ডে উদ্ধার
ফেনীর সোনাগাজী থেকে ছিনতাই হওয়ার ২৫ দিন পর একটি সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রামের সীতাকুণ্ডের জোরারগঞ্জ থেকে গতকাল রোববার ভোরে উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার রাতে সোনাগাজীর উত্তর চর দরবেশ গ্রাম থেকে গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে মো. সেলিম (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, গত ৭ জুন বুধবার সন্ধ্যায় সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট থেকে দুই ব্যক্তি রোগী নিয়ে জোরারগঞ্জে যাওয়ার কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেন। মুহুরী প্রকল্প এলাকা পার হওয়ার পর যাত্রীবেশে ওঠা দুই ব্যক্তি চালক নিজাম উদ্দিনকে মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গাড়ির মালিক জয়নাল আবেদিন ছিনতাইয়ের অভিযোগ এনে মো. সেলিম ও মো. সোলায়মানকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেন। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই মামলার আসামি মো. সেলিমকে উপজেলার উত্তর চর দরবেশ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে সীতাকুণ্ডের জোরারগঞ্জ বাজার থেকে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ছিনতাই মামলার অপর আসামি মো. সোলায়মানের (২৬) খোঁজে পুলিশ উত্তর চর দরবেশ গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। গ্রেপ্তার হওয়া সেলিম উপকূলীয় জলদস্যু কালাম বাহিনীর সদস্য ও তালিকাভুক্ত ডাকাত।