ফেনীর সোনাগাজীতে গত রোববার রাতে ছিনতাইকারী ধরতে গিয়ে ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হাতে আগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন ছিনতাইকারী। তাঁদের অপর সহযোগীকে ধরতে গেলে সংঘর্ষ হয়। তখন পালানোর চেষ্টা করলে তাঁরা গুলিবিদ্ধ হন। একই ঘটনায় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ দুজন হলেন নুরুল আলম (১৮) ও আলাউদ্দিন (২০)। এর মধ্যে নুরুল আলম রোববার বিকেলে এবং আলাউদ্দিন রাতে গ্রেপ্তার হন। আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার, মুনির হোসেন, মো. জাহাঙ্গীর, কনস্টেবল রাকিব উদ্দিন, আবুল খায়ের ও আবুল হাসেম।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা প্রথম আলোকে বলেন, ভোর রাতের দিকে পুলিশ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। তাঁদের পায়ে গুলি লেগেছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পুলিশ হেফাজতে ভোরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ছয় পুলিশ সদস্যের আঘাত সামান্য। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে গ্রামীণ ব্যাংকের একজন মাঠ কর্মকর্তাকে কুপিয়ে ১ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে তিন ছিনতাইকারী। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়। বিকেলে গ্রামবাসীর সহযোগিতায় ছিনতাইকারী সন্দেহে নুরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হয় আলাউদ্দিন। তাঁদের নিয়ে রাত দেড়টার দিকে সহযোগী শেখ ফরিদকে ধরতে আনন্দিপুর গ্রামে অভিযান চালালে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশ শটগানের আটটি গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি গুলি, দুটি ছোরা ও দুটি রামদা উদ্ধার করে। তবে শেখ ফরিদকে ধরতে পারেনি। অভিযানে নেতৃত্ব দেন সোনাগাজী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েত কাউসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘রাত দেড়টা থেকে দুইটার দিকে গুলির শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসি। পরে দেখি পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।’
থানার ওসি মো. হুমায়ুন কবীর গ্রেপ্তার দুজন গুলিবিদ্ধ ও ছয় পুলিশ সদস্য আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে।