সোনাগাজীতে পুকুরে ফেলে শিশুহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার গুনক গ্রামের একটি পুকুর থেকে গত শুক্রবার রাতে দুই মাস পাঁচ দিন বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিবার বলছে, পুকুরে ফেলে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত আটটার দিকে গুনক গ্রামের ফরায়েজী বাড়ির সাহাব উদ্দিনের শিশুসন্তান তৌহিদুল ইসলাম ওরফে সায়মন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত নয়টার দিকে শিশুটিকে বাড়ির পাশের পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির মা শাহিনা আক্তার বলেন, ছেলে সায়মনকে বসতঘরের একটি কক্ষে রেখে পরিবারের অন্য সদস্যরা আরেক কক্ষে টেলিভিশন দেখছিলেন। এ সময় কেউ তাঁর ছেলেকে ঘর থেকে নিয়ে পুকুরে ফেলে দিয়ে হত্যা করেছে।
শিশুর বাবা সাহাব উদ্দিন বলেন, কারও সঙ্গে তাঁদের কোনো শত্রুতা ছিল না। এ ঘটনার জন্য তিনি কাউকে দায়ীও করতে পারছে না।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, ময়নাতদন্তের সময় শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া তার পেটে পানিও পাওয়া গেছে। তাঁদের ধারণা, মাথায় আঘাতের পর শিশুটিকে পানিতে ফেলে দেওয়া হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় শিশুটির বাবা সোনাগাজী মডেল থানায় অপমৃত্যুর মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।