ফেনীর সোনাগাজীতে অপহরণের নয় ঘণ্টা পর ওমর ফারুক (২৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আবুল হাসেম ওরফে রাজু (৩০) নামের এক ব্যক্তিকে অস্ত্র ও পেট্রলবোমাসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে সোনাগাজীর উপকূলীয় দক্ষিণ-পশ্চিম চর দরবেশ এলাকায় জলদস্যু ভাগিনা কালাম বাহিনী ও জলদস্যু মোস্তফা বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে ভাগিনা কালামের পক্ষের ২৫-৩০ জন দুর্বৃত্ত মোস্তফার খোঁজে স্থানীয় জমাদার বাজারের পাশে হানা দেয়। তারা মোস্তফা বা তার বাহিনীর কাউকে না পেয়ে মোস্তফাকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওমর ফারুককে অপহরণ করে।
পুলিশ জানায়, পুলিশ দক্ষিণ-পশ্চিম চর দরবেশ এলাকায় ইতালি মার্কেটের পাশে অভিযান চালিয়ে বেলা তিনটার দিকে ওমর ফারুককে উদ্ধার করে। এ সময় ভাগিনা কালাম বাহিনীর সদস্য আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান, একটি কার্তুজ, দুটি পেট্রলবোমা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
সোনাগাজী থানার ওসি মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।