সোনাগাজীতে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মধ্যম চর চান্দিয়া গ্রামের ওলমা বাজার এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে গিয়াস উদ্দিন (৩২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গিয়াস উদ্দিনের বাড়ি মধ্যম চর চান্দিয়া গ্রামে। এ ঘটনায় আবু তৈয়ব সেলিম (২৮) ও ফজলুল করিম রানা (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গিয়াস উদ্দিন ওলমা বাজারের সফি উল্লার দোকানে বাকিতে সিগারেট আনতে যান। কিন্তু আগে থেকে গিয়াস উদ্দিনের কাছে ৭০ টাকা পাওনা থাকায় সফি উল্লা বাকিতে সিগারেট দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর গিয়াস উদ্দিন বাড়ি চলে যান।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাত একটার দিকে সফি উল্লার ছেলে মো. ভোলন, মাঈন উদ্দিন ও নয়ন এবং তাঁদের বন্ধু আবু তৈয়ব সেলিম ও ফজলুল করিম রানাসহ ছয়-সাতজন গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে হাজির হন। তাঁরা গিয়াস উদ্দিনকে ঘর থেকে ডেকে স্থানীয় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের পাশে নিয়ে যান। সেখানে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন গিয়াসকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় রাতেই আবু তৈয়ব সেলিম ও ফজলুল করিম রানাকে পুলিশ গ্রেপ্তার করে।
গতকাল বিকেলে ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) আমিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, এ ঘটনায় গিয়াস উদ্দিনের স্ত্রী জরিনা খাতুন মামলা করেছেন। মামলায় সফি উল্লা, মো. ভোলন, মাঈন উদ্দিন, নয়ন, আবু তৈয়ব সেলিম ও ফজলুল করিম রানাসহ ছয়জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা চার-পাঁচজনকে মামলার আসামি করা হয়। ওসি জানান, দোকানি সফি উল্লা ও তাঁর ছেলেরা পলাতক।