সোনাগাজীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে যৌতুক না পেয়ে রোকসানা আক্তার (১৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার দুপুরে রোকসানা আক্তারকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছেন বলে প্রচার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর ভাই নুরুদ্দিন বাদী হয়ে তাঁর স্বামীসহ চারজনকে আসামি করে সোনাগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন। গত মঙ্গলবার দুপুরে ফেনী সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
রোকসানার ভাই নুরুদ্দিন জানান, সোনাগাজী উপজেলার পশ্চিম চরদরবেশ গ্রামের সামছুদ্দিন ওরফে শুক্কুর মিয়ার ছেলে মাঈনুদ্দিনের সঙ্গে প্রায় ছয় মাস আগে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের সময় পরিবারের পক্ষ থেকে বরপক্ষের চাহিদামতো যৌতুক দেওয়া হয়। গত প্রায় দুই মাস আগে মাঈনুদ্দিন আবারও স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দিতে থাকেন। এনিয়ে সালিস-দরবারও হয়।
সোমবার দুপুরে মাঈনুদ্দিনের এক প্রতিবেশী তাঁকে (নুরুদ্দিন) জানান, যৌতুকের ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে মাঈনুদ্দিন তাঁর বোন রোকসানাকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করেছেন এবং পরে গলায় শাড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন। খবর পেয়ে তিনি তাঁর মাসহ ওই বাড়িতে ছুটে যান এবং সোনাগাজী থানার পুলিশকে খবর দেন।
সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কান্তি দে জানান, তিনি গৃহবধূ রোকসানাকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে তাঁর হাঁটু বাঁকা ও পা দুটি মাটিতে লাগানো ছিল। এতেই ধারণা করা হয়, তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, ময়নাতদন্তকালে ওই গৃহবধূর শ্বাসরোধ ও মাথায় আঘাতের আলামত পাওয়া গেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ মো. জাফর জানান, গৃহবধূর ভাই নুরুদ্দিন বাদী হয়ে রোকসানার স্বামী মাঈনুদ্দিনসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন।