সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত, আহত ১
ফেনীর সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরও এক কর্মী।
নিহত যুবলীগ কর্মী আজিজুল হকের (৩২) বাড়ি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। গুরুতর আহত মো. স্বপনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যুবলীগ কর্মী আজিজুল হক ও মো. স্বপন সোনাপুর বাজারে যান। এ সময় সাত-আটজন অস্ত্রধারী যুবক অতর্কিতে তাঁদের ওপর হামলা করে। দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে আহত করে রাস্তায় ফেলে যায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।
নিহত ও আহত দুজনই যুবলীগের কর্মী বলে জানান সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক। তিনি এই সন্ত্রাসী হামলার জন্য স্বতন্ত্র সাংসদ (সোনাগাজী-দাগনভূঞা) রহিম উল্যার সমর্থকদের দায়ী করেন। সাংসদ রহিম উল্যার বাড়িও সোনাপুর গ্রামে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।