সোনাগাজীতে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি
ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্টের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা অন্তত কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড চরগণেশ গ্রামে সোনাবাহিনীর সাবেক সদস্য আবদুর রবের বাড়িতে ডাকাত হানা দেয়। ডাকাতেরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে।
পরে চার-পাঁচজন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ডাকাতেরা আলমারির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ
অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা আবদুর রব দাবি করেন, ডাকাতেরা ঘর থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৯৫ হাজার টাকা ও ঘরের বিভিন্ন মালামাল লুট করেছে। প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, সাবেক সেনা সার্জেন্টের বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।