সোনাগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বখাটে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক বখাটে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম একরামুল হক ওরফে স্বপন (২৮)। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মধ্যমচর সাহাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের বখাটে যুবক একরামুল হক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রী বিষয়টি তার মা-বাবাকে জানায়। পরে ছাত্রীর পরিবার একরামুলের বাবা-মাকে এ ঘটনাটি জানায়। কিন্তু তাঁরা এর কোনো বিচার না করে উল্টো তাঁদের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তাব দেন। এতে বখাটে যুবক আরও বেপরোয়া হয়ে ওঠে।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় একরামুল। তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় বখাটে। বখাটের ভয়ে মা ও মেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় দরজা ভাঙার চেষ্টা করেন একরামুল। খবর পেয়ে সোনাগাজী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।