সোনাগাজীতে স্বতন্ত্র সাংসদের বাড়িতে ককটেল নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) স্বতস্ত্র সাংসদ রহিম উল্যাহর বাড়ি লক্ষ্য করে গত রোববার রাতে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে অবস্থিত রহিম উল্যাহর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি তাজা ককটেল উদ্ধার করে। এ সময় রহিম উল্যাহ বাড়িতে ছিলেন না।
এ ঘটনায় সাংসদের বোন কাঞ্চন বিয়া গতকাল সোমবার সোনাগাজী থানায় মামলা করেছেন। এজাহারে বলা হয়, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মিছিল থেকে সাংসদের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
ইউপি চেয়ারম্যান জহিরুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা গাড়িবহর নিয়ে এলাকার লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। সেখানে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।’