সোনাগাজীতে স্বর্ণালংকার ছিনতাই
ফেনীর সোনাগাজীতে গত সোমবার রাতে দুটি অটোরিকশার যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ভুক্তভোগীদের দাবি, ছিনতাইকারীরা ২২ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে।
সূত্র জানায়, গত সোমবার রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য রুহুল আমিনের বাড়ি থেকে ছয়জন নারী দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। তাঁরা মহেশচর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঘোষপুকুর এলাকায় পৌঁছালে আট-দশজন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। অটোরিকশা দুটি থামার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়।
রুহুল আমিনের দাবি, ছিনতাইকারীরা তাঁর পরিবারের নারী সদস্যদের কাছ থেকে ২২ ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন ও ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।