সোনাগাজীতে হামলায় যুবলীগ নেতা নিহত
ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে এক যুবক মারা গেছেন। নিহত ব্যক্তি যুবলীগের নেতা ছিলেন বলে দাবি আওয়ামী লীগের।
নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (২৪)। তাঁর বাড়ি উপজেলার সুজাপুর গ্রামে। বাবার নাম জেবল হক।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলমের দাবি, নিহত বেলাল সোনাগাজী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বেলালের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা।
একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, গতকাল রাত নয়টার দিকে উপজেলার ভৈরব চৌধুরী বাজার এলাকায় সোনাগাজী-মুহুরী প্রকল্প সড়কে সিএনজিচালিত তিনটি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনাগাজী থানার পুলিশ। তারা দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় যুবলীগের স্থানীয় কয়েকজন কর্মী পুলিশের সঙ্গে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পর যুবলীগের কর্মী বেলাল হোসেন ও মোবারক হোসেনকে ধরে বেদম মারধর করে দুর্বৃত্তরা। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন এলাকাবাসী। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। পথে মারা যান তিনি।