সোনাগাজীতে ১৬০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী থেকে উদ্ধার করা ককটেল l ছবি: প্রথম আলো
ফেনীর সোনাগাজী থেকে উদ্ধার করা ককটেল l ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে গত শনিবার রাতে ১৬০টি তাজা ককটেল, ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রার্থীর পক্ষে ব্যবহারের জন্য ককটেলগুলো তৈরি করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেছে।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নির্মাণাধীন একটি বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা যুবকেরা পালিয়ে যায়। পুলিশ বাড়ির একটি কক্ষ থেকে ককটেলভর্তি নয়টি কার্টন উদ্ধার করে। এ সময় বাড়ির তত্ত্বাবধায়ক আমিন উল্যাহকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আমিন উল্যাহ জিজ্ঞাসাবাদে ককটেল তৈরির কাজে জড়িত থাকা রিংকু, আরিফ, রাফি ও সবুজের নাম বলেছেন।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেছেন, আমিন উল্যাহ পুলিশের জিজ্ঞাসাবাদে যাঁদের নাম বলেছেন তাঁরা সবাই ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

তবে সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক বলেন, যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা কোনোভাবেই যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত নন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, জিজ্ঞাসাবাদে যাঁদের নাম এসেছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্ত না করে এসব যুবকের রাজনৈতিক পরিচয় বলা যাবে না।