সোনাগাজীতে 'চাঁদা না পেয়ে' এক্সকাভেটর পোড়াল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে একজন ঠিকাদারের ভাড়া করা এক্সকাভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঠিকাদারের একজন নৈশপ্রহরীকে মারধর করা হয়। গত সোমবার রাতে বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের বলিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে।

পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার গোলাম মাওলা রতনের দাবি, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় তিনি সোনাগাজী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে গোলাম মাওলা বলেন, তিনি বলিয়া খাল সংস্কার ও পুনঃখননের কাজ পেয়েছেন। কার্যাদেশ পাওয়ার পর ভাড়া করা একটি এক্সকাভেটর দিয়ে তিনি মাটি কাটার কাজ শুরু করেন। কাজ শুরুর পর স্থানীয় চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত সোমবার রাতে সন্ত্রাসীরা তাঁর নিয়োজিত নৈশপ্রহরীকে মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পেট্রল ঢেলে এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয়।

সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।