বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রকল্প যাচাই-বাছাই শেষে দ্রুত সরকারের কাছে উপস্থাপন করা হবে। আগামী বছর থেকেই এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে। গতকাল শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হলরুমে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওদুদ, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) শামসুজ্জামান, পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক (জিএম) খাইরুল আলম, জেলা চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ প্রমুখ।
পরে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে মতবিনিময় সভায় বক্তব্য দেন আমজাদ হোসেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে যে পরিমাণ পণ্য আসে, তা সড়কপথে পরিবহন সম্ভব নয়। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ রেলপথ চালু হলে আমদানি পণ্য পরিবহন খুব সহজ হবে। পাশাপাশি ভারত ও নেপালের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। অর্থকরী ফসল আম পরিবহনও সহজ হবে। এক মাসের মধ্যেই প্রকল্পটি প্রণয়ন করা সম্ভব হবে। খুব তাড়াতাড়ি চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন চালু হবে।
জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সদর আসনের সাংসদ আবদুল ওদুদ, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি মাহতাব উদ্দীন প্রমুখ।
গত বছর মে মাসে চাঁপাইনবাবগঞ্জ সফরকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেললাইন সম্প্রসারণের ঘোষণা দিয়েছিলেন।