সোনার চেইন গিলে ফেলল ছিনতাইকারী
ঢাকায় গাড়িতে থাকা এক আইনজীবীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়েছিল। পরে জনতার হাতে ধরা পড়ে সেই চেইন গিলে ফেলেছে ছিনতাইকারী।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বাংলামোটর এলাকায়। মামুন নামের ওই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় বড়াল জানিয়েছেন।
তিনি প্রথম আলোকে বলেন, আইনজীবী এরেকা আক্তার হাইকোর্ট থেকে কাজ শেষে ব্যক্তিগত গাড়িতে মিরপুরের বাসায় ফিরছিলেন। গাড়িটি বাংলামোটরের কাছে যানজটে পড়লে ছিনতাইকারী মামুন জানালা দিয়ে গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। পালানোর চেষ্টা করলে আশপাশের মানুষ ধাওয়া করে তাকে ধরে ফেলে। মারমুখী জনতার হাত থেকে বাঁচতে মামুন ছিনতাই করা সোনার চেইনটি গিলে ফেলে। এখন মামুনের পাকস্থলী থেকে চেইনটি বের করার চেষ্টা করছেন চিকিৎসকেরা।
এদিকে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ার কর্মস্থল থেকে ঢাকার বনশ্রীর বাসায় ফেরার পথে বাসের মধ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন আবির হোসেন (২৮) নামের এক ব্যক্তি।
তিনি জানান, চাষাঢ়ায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। কর্মস্থল থেকে বাসায় ফেরার জন্য ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে অসীম পরিবহনের একটি বাসে ওঠেন। এরপর যাত্রীবেশে বাসে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়েন।
আবির হোসেন বলেন, ‘বাসে ওঠার পর দেখি, আগে থেকেই চার–পাঁচজন যাত্রী ছিল। আমি ওঠার পর আর কাউকে ওঠানো হয়নি। খিলগাঁওয়ে নর্দ্দার পাড়ে পৌঁছানোর পর যাত্রীবেশে থাকা যুবকেরা মারধর শুরু করে। অস্ত্রের মুখে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা চালায়।’
এ সময় আবিরের চিৎকার শুনে মোটরসাইকেলে থাকা তিন যুবক বাসটির পিছু নেয়। ইতিমধ্যে ছিনতাইকারীরা আবিরের গলা থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নেয়।
একপর্যায়ে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে বাসটির জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন তিনি। বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন আবির।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বাস নিয়ে ছিনতাইয়ের ঘটনাটি খিলগাঁও থানায় জানানো হয়েছে।