সোনার দুলের জন্য শিশু হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১৩ দিন পর গতকাল বৃহস্পতিবার তসলিমা (১১) নামের একটি শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ জুলাই সে নিখোঁজ হয়।
তসলিমা উপজেলার হ্নীলার নয়াপাড়ার জয়নাল আবেদীনের মেয়ে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. সেলিম (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেছেন কানে থাকা সোনার দুল হাতিয়ে নেওয়ার জন্য তিনি (সেলিম) কৌশলে তসলিমাকে পাহাড়ে নিয়ে গলা টিপে হত্যা করে লাশটি লুকিয়ে রাখেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ২৪ জুলাই নিখোঁজ হওয়ার আগে তসলিমাকে একই এলাকার মো. সেলিমের সঙ্গে দেখেছিল স্থানীয় লোকজন। কিন্তু তাসলিমার পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে সেলিম বিষয়টি অস্বীকার করেন। পরে গত বুধবার তসলিমার বাবা থানায় লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগের পর বুধবার রাতে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সেলিমের স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর সেতুর কাছাকাছি পাহাড় থেকে তসলিমার লাশ উদ্ধার করে পুলিশ।
তসলিমার দিনমজুর বাবা জয়নাল আবেদীন বলেন, তসলিমার কানে থাকা চার আনা ওজনের সোনার দুলের জন্য সেলিম তাকে (তসলিমা) অপহরণ করে নিয়ে হত্যা করেছেন।
পুলিশ জানায়, তসলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।