সোনার দোকান ও ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের ‘অলংকার জুয়েলার্স’ নামের একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। গতকাল রোববার ভোরে ডাকাতেরা ওই দোকান থেকে প্রায় ৬৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এর আগে শনিবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরে সোনামুখী মহল্লায় এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা বাড়ির চার সদস্যকে মারধর করে আহত করেছে। তাঁদের মধ্যে গৃহকর্তা বিশ্বজিৎ সাহাকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাগাতিপাড়া থানা ও বিহারকোল বাজারের তিন ব্যবসায়ী সূত্র জানায়, আট থেকে দশজন ডাকাত রোববার ভোর তিনটার দিকে নৈশপ্রহরী মোহাম্মদ আহসান ও হান্নান আলীকে বেঁধে রেখে অলংকার জুয়েলার্স নামের ওই সোনার দোকানের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা দোকান থেকে টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায়।
দোকানের মালিক ধ্রুব কুমার কুণ্ডু জানান, রাতেই খবর পেয়ে তিনি দোকানে গিয়ে দেখেন দোকানের সাটার ও দরজার তালা ভাঙা। তিনি দাবি করেন, ডাকাতেরা তাঁর দোকান থেকে টাকা ও সোনা-চাঁদির গয়নাসহ প্রায় ৬৫ লাখ টাকার মালামাল লুট করেছে।
বাগাতিপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ব্যাপারে দোকানের মালিক ধ্রুব কুণ্ডু বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আটক দুই নৈশপ্রহরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আক্কেলপুরে ডাকাতির শিকার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত একটার দিকে ২৫-৩০ জন ডাকাত প্রাচীর ডিঙিয়ে বাড়ির ভেতরে যায়। বাড়িতে ডাকাত আসার ঘটনা টের পেয়ে গৃহকর্তা বিশ্বজিৎ সাহা চিৎকার শুরু করেন। এরপর ডাকাতেরা গৃহকর্তার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে মারধর করে ধারালো অস্ত্রের মুখে ডাকাতেরা তাঁদের সবাইকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
বিশ্বজিৎ সাহার ছোট ভাই শাওন কুমার সাহা (৩৩) জানান, তাঁরা তিন ভাই একই বাড়িতে থাকেন। তাঁর ছোট ভাই সুমিত সাহা হাইকোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। ডাকাতেরা তাঁদের মারধর করে সোনার ২০ ভরি গয়না, দুই লাখ টাকা ও পাঁচটি মুঠোফোন লুট করে নিয়ে গেছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় গতকাল রোববার সকালে জানান, ডাকাতির ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার নামে তালিকাভুক্ত এক ডাকাতকে আটক করা হয়েছে।