সোনার দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় সুমিতা জুয়েলার্স নামের এক সোনার দোকানে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ১৫০ ভরি সোনা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা আনোয়ার হোসেন (৩৫) ও বেলাল হোসেন (৩০) নামের দুজনকে ছুরিকাঘাত করে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার হাইস্কুল মার্কেটের নৈশপ্রহরী আবেদ আলীর হাত-পা বেঁধে ও মুখে কাপড় দিয়ে মারধর করা হয়। এরপর তাঁকে বেঁধে রাখা হয়। পরে আট-নয়জনের ডাকাত দল ওই সোনার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতির বিষয়টি টের পেয়ে পাশের একটি জুতার দোকানে থাকা দুই কর্মচারী আনোয়ার ও বেলাল বের হলে তাঁদের ছুরিকাঘাত করে ডাকাত দল। ওই দুই কর্মচারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাঁদের গতকাল রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুমিতা জুয়েলার্সের মালিকের ছেলে শিপন লাল বলেন, ডাকাতেরা দোকান থেকে অন্তত ১৫০ ভরি সোনা নিয়ে গেছে। এ ছাড়া তারা নগদ ৮ লাখ টাকা নিয়ে গেছে।