সোনার দোকানে ডাকাতি, গুলি-ককটেলে আহত পুলিশ

মানিকগঞ্জ শহরের একটি সোনার দোকানে বুধবার সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটেছে। পালানোর সময় ডাকাতের ছোড়া গুলি ও ককটেলের আঘাতে পুলিশের তিন কর্মকর্তা ও এক সদস্য আহত হয়েছেন। জনতা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে শহরের স্বর্ণকারপট্টি এলাকায় নাগ জুয়েলার্স নামের সোনার দোকানে একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা দোকানের মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সোনা লুটে নেয়। এরপর ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ডাকাতেরা একটি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে পালিয়ে যায়। পালানোর সময় জনতা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাটুরিয়া থানার পুলিশ জানায়, ডাকাতির খবর পেয়ে সাটুরিয়া পুলিশ সাটুরিয়া বাসস্ট্যান্ডের ধামরাই এলাকায় ঢাকা-সাটুরিয়া সড়কে বেরিকেড দেয়। রাত আটটার দিকে ডাকাতেরা বেরিকেডের কাছে পৌঁছালে মাইক্রোবাস থেকে নেমে এলোপাথারি গুলি করে এবং ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতের গুলি ও ককটেলের আঘাতে সাটুরিয়া থানার এসআই ওয়াহিদুজ্জামান, আসলাম হোসেন, হাসান ও কনস্টেবল আলিম আহত হয়েছেন।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতানা পারভীন বলেন, আসলাম হোসেন বুকে গুলিবিদ্ধ হয়েছেন। ককটেলের আঘাতে ওয়াহিদুজ্জামানের ডান হাতের একটি ধমনি ছিড়ে গেছে। হাসান ও আলিম আঘাত পেয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাগ জুয়েলার্সের মালিক চন্দন নাগ জানান, তিনিসহ দুইজন কর্মচারি দোকানে ছিলেন। এ সময় পিস্তল হাতে নিয়ে সাতজন ডাকাত আকস্মিক দোকানে ঢুকে তাঁদের জিম্মি করে ফেলে। এরপর দোকানে থাকা সোনা লুট করে নিয়ে যায়। তার দাবি, কয়েক শ ভরি সোনা লুট হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, পালিয়ে যাওয়ার সময় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ডাকাতদের বহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়েছে। বাকি ডাকাতদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।