সোনার দোকানে হামলা প্রতিবাদে বিক্ষোভ
বগুড়ার শেরপুর শহরের একটি সোনার দোকানে হামলা করে সোনার গয়না ছিনতাই ও দোকানের মালামাল তছনছ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের উত্তর সাহাপাড়ার কর্মকার জুয়েলার্সে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বেলা দেড়টার দিকে শহরের শতাধিক সোনার দোকানের মালিক ও তিন শতাধিক কারিগর তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন এবং শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
এদিকে এ ঘটনায় বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায়। এ সময় তিনি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আটকের আশ্বাস দেন।
ওই সোনার দোকানের মালিক রতন কর্মকার বলেন, গতকাল ওই সময় একটি যাত্রীবাহী বাস তাঁর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি থেকে দোকানে সংযোগ পাওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলে। এতে তাঁর ছোট ভাই সঞ্জয় কর্মকার প্রতিবাদ করলে ওই যাত্রীবাহী বাস থেকে শহরের বারনিঘাট মহল্লার নান্নু মিয়াসহ ১০-১২ জন নেমে সঞ্জয় কর্মকারকে এলোপাতাড়ি মারতে থাকে। এরপর হামলাকারীরা তাঁর দোকানের মধ্যে ঢুকে প্রায় ৪৮ হাজার টাকা মূল্যের সোয়া ভরি ওজনের সোনার গয়না ছিনিয়ে নেয় এবং দোকানের মালামাল তছনছ করে।