সোনার পর শাহজালালে সিগারেট উদ্ধার
সোয়া এক কেজি সোনা উদ্ধারের ঘণ্টা খানেক পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার দুপুরে অনুমোদনহীন ৬০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। দুপুর ১২টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের ৮ নম্বর বেল্টের সামনে পরিত্যক্ত অবস্থায় এসব সিগারেট উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, একটি নীল রঙের ব্যাগের ভেতর থেকে ৬০টি সিগারেটের কার্টন উদ্ধার করা হয়। ইজি ব্র্যান্ডের এসব সিগারেট পিআইয়ের একটি ফ্লাইটে করে দুপুরে পাকিস্তান থেকে ঢাকায় আসে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া সিগারেটের দাম প্রায় পাঁচ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আটক সিগারেটের কার্টনগুলো শুল্ক গুদামে জমা করা হয়েছে।
বেলা ১১টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাস্কের ভেতর সোনা এনে ধরা পড়েন আবদুর রহিম নামের এক যাত্রী। এক কেজি ১০০ গ্রাম সোনাসহ তাঁকে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।