সোনার বারসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয়টি সোনার বারসহ মিয়ানমারের দুই নাগরিককে ধরার কথা জানিয়েছে বিজিবি। ছবি: প্রথম আলো
ছয়টি সোনার বারসহ মিয়ানমারের দুই নাগরিককে ধরার কথা জানিয়েছে বিজিবি। ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছয়টি সোনার বারসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁদের আটক করার পর গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন মো. আরাফাত (২৬) ও মো. রফিক (২৮)। তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুজনকে আদালতে পাঠানো হবে।

বিজিবি বলছে, জব্দ করা ছয়টি সোনার বারের ওজন প্রায় এক কেজি।

বিজিবি সূত্রের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ দুটি দল দমদমিয়া তল্লাশিচৌকি এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রী আরাফাত ও রফিককে আটক করা হয়। তাঁদের কাছে ছয়টি সোনার বার পাওয়া যায়। তাঁরা মিয়ানমারের নাগরিক।

বিজিবি জানায়, আটক দুজনকে টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক কবির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আরাফাত ও রফিককে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের আজ আদালতে পাঠানো হবে।