সোনার মূর্তি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
দিনাজপুরের ফুলবাড়ীতে সোনার মূর্তি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩৫)। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শমসেরপাড়া গ্রামে। তিনি নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দিয়ে ফুলবাড়ী উপজেলার আবুল কালাম আজাদের স্ত্রী শারমীন আক্তারকে সোনার মূর্তি দেওয়ার লোভ দেখিয়েছেন এবং এ জন্য তাঁর কাছে ১৭ হাজার ৫০০ টাকা দাবি করেছেন।
শারমীন আক্তার জানান, তাঁদের বাড়ি ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামে। কিছুদিন আগে জাকির হোসেন মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে একটি সোনার মূর্তি দেওয়ার প্রস্তাব দেন। বিনিময়ে তিনি তাঁর কাছে ১৭ হাজার ৫০০ টাকা দাবি করেন। সে অনুযায়ী তিনি তাঁর স্বামীসহ শনিবার সন্ধ্যা ছয়টায় ছোট যমুনা সেতুর কাছে যান। সেখানে গেলে জাকির তাঁর হাতে ছোট একটি লোহার মূর্তি দেন। এই সময় তিনি এবং তাঁর স্বামী বুঝতে পারেন, জিনের বাদশা নামধারী একজন প্রতারক। এরপর তাঁরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল করিম জানান, প্রতারণার অভিযোগে গত শনিবার গৃহবধূ শারমীন আক্তার বাদী হয়ে ফুলবাড়ী থানায় জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ জাকিরকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।