সোনার ১৭টি বার তিন ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৫০ গ্রাম সোনাসহ আটক তিন ভারতীয় নাগরিক। ছবি: প্রথম আলো
৭৫০ গ্রাম সোনাসহ আটক তিন ভারতীয় নাগরিক। ছবি: প্রথম আলো

যশোরের বেনাপোলে ১৭টি সোনার বারসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আজ সোমবার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট এলাকায় তাঁরা ধরা পড়েন।

আটক তিনজন হলেন ধীমান সরকার (৪৫), নিতীশ সিংহ (৩০) এবং মহেশলাল সাহা (৩২)। ধীমান সরকারের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের গৌরীশারাইল গ্রামে। নিতীশ সিংহের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বড়নগর গ্রামে এবং মহেশলাল সাহার বাড়ি হুগলি জেলার চন্দননগর থানার মালোপাড়া এলাকায়।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন জানান, আজ সকালে ওই তিনজন ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আসেন। কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে সীমান্ত পেরিয়ে চলে যাওয়ার সময় ট্রাভেল ট্যাক্স চেকিং পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। তাঁদের শরীর তল্লাশি করা হয়। সোনার বারগুলো তাঁদের প্যান্টের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল। নিতীশের কাছ থেকে সাতটি, ধীমানের কাছ থেকে ছয়টি এবং মহেশলালের কাছ থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়। ওই সোনার বাজারমূল্য ৩৭ লাখ টাকা।

আটক তিনজনকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনার ওজন ৭৫০ গ্রাম। এগুলো বেনাপোল কাস্টম গুদামে জমা দেওয়া হয়েছে।