সোনার ২২টি বারসহ ভারতীয় যাত্রী আটক

সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের সোনার বার। ছবি: সংগৃহীত
সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের সোনার বার। ছবি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক যাত্রীর কাছ থেকে সোনার ২২টি বার জব্দ হয়েছে। আটক করা হয়েছে ওই যাত্রীকে। তাঁর নাম আরশাদ আয়াজ আহমেদ (৪৬)। তিনি কলকাতার বাসিন্দা।

গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে তিনি ব্যাংকক থেকে থাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

জব্দ সোনা ও আটক ভারতীয় যাত্রী। ছবি: সংগৃহীত
জব্দ সোনা ও আটক ভারতীয় যাত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, টিজি৩৩৯ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর প্রথম দিকেই আরশাদ আয়াজ আহমেদ বেরিয়ে আসেন। গোপন খবরের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম তাঁকে অনুসরণ করে। গ্রিন চ্যানেল পার হওয়ার তাঁকে শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের সোনার ২২টি বার পাওয়া যায়। এগুলোর ওজন ১২ কেজি ৩০০গ্রাম। এর বাজার মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।

সাদা স্কচটেপ খোলার পর বেরিয়ে আসে সোনার ২২টি বার। ছবি: সংগৃহীত
সাদা স্কচটেপ খোলার পর বেরিয়ে আসে সোনার ২২টি বার। ছবি: সংগৃহীত

অথেলো চৌধুরী আরও বলেন, ওই যাত্রীকে থানায় সোপর্দ করে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।