সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ফের সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নানকে দ্বিতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা-২ শাখার ৮ মার্চের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আজহারুল মান্নানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ কারণে উপজেলা পরিষদ আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি আজহারুলের বিরুদ্ধে দুটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট পিটিশন করেন। পরে বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি এ কে এম শহীদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ মন্ত্রণালয়ের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।
জানতে চাইলে আজহারুল মান্নান বলেন, ‘প্রথমবার আমাকে সাময়িক বরখাস্ত করার পর মন্ত্রণালয়ের আদেশ উচ্চ আদালত স্থগিত করেন। কিন্তু এরপরও স্থানীয় প্রশাসন আমাকে দায়িত্ব বুঝিয়ে দেয়নি। ক্ষমতাসীন দলের সমর্থকেরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে দায়িত্ব পালন করা থেকে দূরে সরিয়ে রাখছেন।’
জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, ‘আজহারুল সোনারগাঁয়ের জনপ্রিয় নেতা। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কৌশলে আজহারুলকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হচ্ছে। আমরা আবারও বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাব। আশা করি, আদালতের কাছে আমরা ন্যায়বিচার পাব।’