সোনারগাঁ ও রূপগঞ্জে ডাকাতি, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর গ্রামে গত শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতি শেষে পালানোর সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। একই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঠেরঘাট এলাকায় দুটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর গ্রামের ব্যবসায়ী আবুল বাসারের বাড়িতে শনিবার গভীর রাতে ১০-১২ জনের মুখোশ পরা ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় হুমায়ুন বাদশা নামের একজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে রূপগঞ্জ উপজেলার মঠেরঘাট এলাকায় শনিবার রাতে নুর আলমের যন্ত্রাংশের ও নিজামউদ্দিনের প্রসাধন সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়। নুর আলম বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মঠেরঘাট এলাকার পাহারাদার আজিজকে অচেতন করে ডাকাতেরা দুটি দোকানের শাটার গেট ভাঙে। এরপর টাকা ও মালামাল লুট করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।