সোনারগাঁয়ে আ.লীগ বিএনপির সংঘর্ষ তিনজন টেঁটাবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফুলদী গ্রামে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ তিনজনের অবস্থা গুরুতর।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর হোসেনের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গতকাল সকালে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে আলমগীরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রামদা, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে বাবুলের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে বাবুলের ছোট ভাই কবির হোসেন, আনোয়ার হোসেন, বাবা আবদুর রউফসহ ১২ জন আহত হন। তাঁদের মধ্যে কবির, আনোয়ার ও জাইদুল ইসলাম টেঁটাবিদ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ কর্মীদের চারটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর বাবুলের পক্ষের লোকজন একত্র হয়ে দেশি অস্ত্র নিয়ে আলমগীর ও তাঁর সমর্থক বিএনপির কর্মী আক্তার হোসেন, আল কাউসার, দ্বীন ইসলাম ও হাতেম আলীকে পিটিয়ে আহত করেন।
বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে আলমগীরের নেতৃত্বে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়।’
আলমগীর হোসেন বলেন, ‘রাজনৈতিক প্রভাবে বাবুল ও তাঁর কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে মামলা লিপিবদ্ধ করা হবে।