সোনারগাঁয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৬০
মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুটি চরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার এ ঘটনায় ৬০ জন আহত হয়েছেন। এ সময় ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসীদের সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটায় উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী নুনেরটেক গ্রামে আধিপত্য বিস্তার ও মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি ও একই ওয়ার্ডের বিএনপি সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে এক পক্ষ অন্য পক্ষের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে আওয়ামী লীগ নেতা ওসমান গনি পক্ষের নবীর হোসেন, শহীদুল্লাহ, সানাউল্লাহসহ ৪০ জন আহত হন। এ সময় ২০ জনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
অন্যদিকে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের পক্ষের রহমত আলী, হামিদ আলী, জুয়েল মিয়াসহ ২০ জন আহত হন। তাঁদের পক্ষের ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) ভর্তি আছেন।
এদিকে গতকাল বেলা ১১টায় একই কারণে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী চরহোগলা গ্রামে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন এবং একই ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুপক্ষের ২০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সময় দুপক্ষের ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা ওসমান গনি ও নাসির উদ্দিন বলেন, বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন। তাঁদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছেন।
বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও মোতালেব মিয়ার দাবি, বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেছেন।
হতাহতদের দেখতে গতকাল দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা।
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।